সিলেটে নির্ধারিত ৩০টি স্ট্যান্ডের বাহিরে যান রাখলেই ব্যবস্থা
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রশাসনের নির্ধারিত ৩০টি স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বাইরে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং না করার আদেশ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এই আদেশ অমান্য করলে আগামীকাল বুধবার থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এসএমপি জানায়, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের জন্য সিলেট মহানগর এলাকায় নির্ধারিত আছে ৩০টি জায়গা। প্রতিটি স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার অটোরিকশা রাখার আদেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত স্ট্যান্ডগুলোর মধ্যে—নগরীর আম্বরখানা পয়েন্টে সুনামগঞ্জমুখী সড়কে ৫টি, এয়ারপোর্টমুখী সড়কে ৫টি ও চৌহাট্টামুখী সড়কে ৫টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
টিলাগড় পয়েন্ট বালুচরমুখী সড়কে ৫টি, তামাবিলমুখী সড়কে ৫টি, শিবগঞ্জমুখী সড়কে ৫টি, মদিনা মার্কেট পয়েন্টে ১০টি, পাঠানটুলা পয়েন্টে ১০টি ও বন্দরবাজার কোর্ট পয়েন্টে ১৫টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
তাছাড়া, তেমুখী পয়েন্টে বাধাঘাটমুখী সড়কে ৫টি, টুকের বাজারমুখী সড়কে ৫টি এবং টুকের বাজার পয়েন্টে লামাকাজীমুখী সড়কে ৫টি ও তেমুখীগামী সড়কে ৫টি, ভার্থখোলা কিনব্রিজ পয়েন্টে ১০টি, বাবনা পয়েন্ট ১০টি ও কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট ১০টি, হুমায়ুন রশিদ চত্বর পয়েন্ট ফুলকলির সামনের সড়কে ৫টি, ফেঞ্চুগঞ্জগামী সড়কের পাশে ৫টি ও আপন হোটেলের পাশের ১০টি, সামাদ চত্বর পয়েন্ট ১০টি, শেখ ঘাট জিতু মিয়ার পয়েন্টে ৫টি ও রিকাবীবাজার পয়েন্টে ৫টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
শাহপরান মাজার গেট পয়েন্টে মেজরটিলামুখী সড়কে ৫টি, সুরমাগেট বাইপাসমুখী সড়কে ৫টি, মেজরটিলা ইসলামপুর বাজার পয়েন্টে টিলাগড়মুখী সড়কে ৫টি ও শাহপরান মাজার গেটমুখী সড়কে ৫টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন ১০টি, উত্তর কুশিঘাট ১০টি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেটে ৫টি, ধোপাদিঘির পাড় এমএজি ওসমানী শিশু পার্কে ৫টি, কাজীটুলা বাজারে ৫টি, জেলরোড পয়েন্টে ৫টি, শাহী ঈদগাহ পয়েন্টে ১০টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
কদমতলী ওভারব্রিজ পয়েন্টে গোলাপগঞ্জগামী সড়কে ৫টি, বটেশ্বরগামী সড়কে ৫টি, ভার্তখলা পয়েন্টে ১০টি, চন্ডিপুল পয়েন্টে ১০টি, শ্রীরামপুর পয়েন্টে ১০টি, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ পয়েন্টে ৫টি, সিসিক ২৮নং ওয়ার্ডের মকন দোকান বাজার পয়েন্টে ১০টি ও শিববাড়ী বাজার পয়েন্টে ১০টি অটোরিকশা রাখার অনুমোদন আছে।
সিএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে সিলেট নগরীর মানুষজনের ভোগান্তি লাঘব করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রিহুইলার অনুমোদিত ৩০টি স্ট্যান্ড ছাড়া অন্য কোনো স্থানে অবৈধভাবে পার্কিং না করা। এবং স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার অধিক সিএনজিচালিত থ্রিহুইলার না রাখা। এই নির্দেশনা আমরা ইতোমধ্যে দিয়েছি। এই আদেশ অমান্য করা হলে আগামীকাল বুধবার থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তাহির আহমদ
মন্তব্য করুন: