সাহিত্যের ছোটো কাগজ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যা নিয়ে সিলেটে লেখক-পাঠক আড্ডা

সাহিত্যের ছোটো কাগজ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যা নিয়ে সিলেটে লেখক-পাঠক আড্ডা

প্রথম ডেস্ক

০৮/০৯/২০২৬ ২২:১৩:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লেখক হয়ে ওঠা এবং সাহিত্য অঙ্গনে নিজস্ব পরিচিতি তৈরির প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘ছোটোকাগজ’ বা লিটল ম্যাগাজিন। মূলধারার বাণিজ্যিক সাহিত্য সাময়িকীতে যারা প্রকাশের সুযোগ পান না, তাঁদের কাঁচা অথচ মৌলিক লেখনীকে অত্যন্ত যত্নের সঙ্গে ধারণ করে লিটল ম্যাগাজিন। আজকের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় বহু লেখকই একসময় আত্মপ্রকাশ করেছিলেন এই ছোটোকাগজের মাধ্যমেই। ছোটোকাগজের এই স্বাধীন চর্চাই তাঁদের পরবর্তীতে পাঠকপ্রিয় করে তুলেছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর নেহার মার্কেটস্থ ‘অভ্র প্রকাশন’-এর মিলনায়তনে সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’-এর তৃতীয় সংখ্যা উপলক্ষে আয়োজিত লেখক-পাঠক আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি, ভাস্কর ও ছোটোকাগজ ‘ভাস্কর’-এর সম্পাদক পুলিন রায়।


‘বাঁশতলা’ সম্পাদক কবি হাবিব হেলাল এর সভাপতিত্বে ও কবি রোদ্দুর রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক দেবব্রত রায় দিপন, কবি হুমায়ুন আকাশ এবং ‘ভাস্কর’-এর সহসম্পাদক অধ্যক্ষ নিয়াজ উদ্দীন। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কবি মেকদাদ মেঘ, সিলেট জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি তানজিনা বেগম ও সাধারণ সম্পাদক আয়শা আক্তার।


আড্ডায় বক্তারা বলেন, লিটল ম্যাগাজিন কেবল একটি সাময়িকী নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক ও মূলধারার বাইরে থাকা নতুন চিন্তা, নিরীক্ষাধর্মী সৃজনশীলতা ও বিকল্প সাহিত্যধারাকে টিকিয়ে রাখার এক আপসহীন মাধ্যম। নতুন লেখকদের ভেতরে সাহিত্যের বীজ বপন করা, তাঁদের চিন্তাকে পরিণত করা এবং সমাজ, সংস্কৃতি ও সময়ের নানা অসঙ্গতি নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্র তৈরি করায় লিটল ম্যাগাজিনের ভূমিকা অনস্বীকার্য। এর মাধ্যমে যেমন নতুন লেখকের জন্ম হয়, তেমনি আত্মপ্রকাশ ঘটে নতুন ধারার মুক্তচিন্তার।


অনুষ্ঠানে ‘বাঁশতলা’র তৃতীয় সংখ্যায় প্রকাশিত বিভিন্ন কবিতা, গদ্য ও প্রবন্ধ নিয়ে গভীর পাঠ-আলোচনা ও গঠনমূলক সমালোচনা উপস্থাপন করা হয়। সেই সঙ্গে নতুন লেখক ও পাঠকদের সাহিত্যচর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে ‘বাঁশতলা’র নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গবেষক মিহির কান্তি চৌধুরী, কবি ও সম্পাদক মজনু মুহিবুর রহমান, কবি দীপ্ত বৈষ্ণব, কবি মনোয়ার পারভেজ, কবি আরমান মুন্না ও কবি নীলকান্ত জিৎ।


পাঠ-আলোচনা শেষে উপস্থিত কবি, সাহিত্যিক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাহিত্য, সংস্কৃতি ও সমকালীন নানা বিষয় নিয়ে এক প্রাণবন্ত ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad