হবিগঞ্জে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৪/১১/২০২৬ ১৬:৪০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান কার্যক্রমে অংশ নেন তিনি। 

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী।

সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে পৌঁছান ববি হাজ্জাজ। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনা, শেখার আগ্রহ ও বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম এবং মা সমাবেশের সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরে বিদ্যালয়ের বাগান পরিদর্শন করে প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

একই দিন দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ববি হাজ্জাজ। সেখানে শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বপন রবি দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad