ভিডিও ভাইরাল
বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শহরের কাছাকাছি স্থাপনের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। এই হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।
গত ১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন আমান মাদবর। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ২৮ অক্টোবর টিপু মাদবরের নেতৃত্বে কৃষি বিশ্ববিদ্যালয় শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ওই ঘটনার পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
হুমকির বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুর রহমান আমান মাদবর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন। অন্যদিকে, টিপু মাদবর ভিডিওটি দেখে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের এই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: