সুনামগঞ্জে জাগ্রত যুব সংঘের উদ্যোগে সেপ্টেম্বর মাসে ব্যাপক কর্মসূচী গ্রহণ
শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি এবং প্রাণেশ্বরী শ্রীমতি রাধারাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব উদযাপনের লক্ষ্যে আজ বর্ণাঢ্য আয়োজন গ্রহণ করা হয়েছে। ‘আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ’ (কেন্দ্রীয় কমিটি, শ্রীঅদ্বৈতভূমি, সুনামগঞ্জ)-এর উদ্যোগে সেপ্টেম্বর মাস জুড়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।
শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকুণ্ড তট নিবাসী, অতুল শাস্ত্র ব্যাখ্যাতা ১০৮ পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের সুনামগঞ্জে শুভ আগমন উপলক্ষে এই ধর্মীয় মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত জানান, এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে। তিনি জানান, উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভক্তদের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
উৎসবের প্রধান কর্মসূচি সন্ধ্যা ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। দিনব্যাপী শিশুদের ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সমবেত গীতা পারায়ণ এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম নূরুল এর উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রীমদ্ভগবদ্গীতা পারায়ণ, পূজা অর্চনা এবং রাত ৯ টায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক। ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় শ্রীশ্রী মাতৃভক্তি প্রচারণী কমিটির পরিবেশনায় আনন্দময় নন্দোৎসব।১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের শুভ আগমন, নদী থেকে জল আনায়ন এবং কলকাতার বিখ্যাত কীর্তনীয়া শ্রী ধনঞ্জয় দাসের পরিবেশনায় শুভ অধিবাস কীর্তন। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রীমতি রাধারাণীর পূজা, মহা সংকীর্তন এবং দুপুর ১২.০১ মিনিটে শ্রীমতি রাধারাণীর শুভ মহা অভিষেক ও পুষ্পাঞ্জলি নিবেদন। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর প্রতি সন্ধ্যায় দেশ ও ভারতের প্রখ্যাত বৈষ্ণব পণ্ডিতদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবত পাঠ ও তত্ত্ব আলোচনা।
আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত আনন্দময় ধর্মীয় অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থেকে কৃপা আশীর্বাদ গ্রহণের বিনীত অনুরোধ জানানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: