স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় নবাগত অধ্যক্ষকে বর্ণাঢ্য আয়োজনে বরণ
নতুন সম্ভাবনা ও অগ্রযাত্রার আশাবাদ নিয়ে আনন্দঘন পরিবেশে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোঃ সামছুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে টিলাগড় শাখার অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। শিবগঞ্জ শাখার উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে প্রধান অতিথি মোহাম্মদ শামছ উদ্দিন আশা প্রকাশ করে বলেন, "অধ্যাপক মোঃ সামছুল ইসলামের প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে শিবগঞ্জ শাখার শিক্ষাকার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম বলেন, নবাগত অধ্যক্ষের সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
সংবর্ধনার জবাবে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোঃ সামছুল ইসলাম আন্তরিক অভ্যর্থনার জন্য সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর। নৈতিক মূল্যবোধ ও শিক্ষার গুণগত মান বজায় রেখে শিবগঞ্জ শাখাকে সাফল্যের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।"
শারমিন সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস ও প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে অর্থবহ করে তোলে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: