সাদাপাথর লুটকাণ্ডে গ্রেপ্তার
কোম্পানীগঞ্জের বিএনপি নেতা সাহাব উদ্দিন এক দিনের রিমান্ডে
সিলেটের কোম্পানীগঞ্জে বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির উপজেলা সভাপতি সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ধ্রুব জ্যোতি পাল এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
এর আগে শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, আলোচিত সাদাপাথর লুট ছাড়াও তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে সাহাব উদ্দিন একসময় ভারতীয় নাসির বিড়ি ও পাথর কোয়ারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে ভূমিদখল, পাথর লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে তিনি দ্রুত বিত্তশালী হয়ে ওঠেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সাদাপাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী আলোচনায় আসা এই বিএনপি নেতা দুদকের অনুসন্ধানাধীন তালিকাতেও রয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: