সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ : দেশে ফিরলেন ১৭ বাংলাদেশী
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে নারীসহ ১৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবির উপস্থিতিতে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এই ১৭ জন ২০২৪ সালের নভেম্বর মাসে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে তাদের আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিএসএফ ও বিজিবির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন— মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) ও জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ফেরত আসা ১৭ জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: