দ্বিতীয় লন্ডন থেকে বিশ্বমুখী সিলেটের তরুণরা
Led Bottom Ad

উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের খোঁজে বিদেশযাত্রা বাড়ছে

দ্বিতীয় লন্ডন থেকে বিশ্বমুখী সিলেটের তরুণরা

প্রথম ডেস্ক

১৫/১২/২০২৫ ১১:৫৯:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটকে বলা হয় ‘দ্বিতীয় লন্ডন’। যুক্তরাজ্যে সিলেটি প্রবাসীদের আধিক্যের কারণে এ তকমা পাওয়া জেলা এখন শুধু লন্ডনেই নয়, বিশ্বজুড়েই তরুণদের বিদেশযাত্রার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায় সিলেটের তরুণরা পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ছেড়ে অনেক শিক্ষার্থী এখন সকাল-বিকেল ছুটছেন আইইএলটিএস সেন্টারে। কেউ যাচ্ছেন শিক্ষার্থী ভিসায়, কেউবা কাজের ভিসায়। গত কয়েক বছরে যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইতালি, রোমানিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল ও মাল্টার মতো দেশেও সিলেটের তরুণদের উপস্থিতি বেড়েছে। ইউরোপ-আমেরিকায় যেতে না পারলে অনেকেই বেছে নিচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো।

একটি হিসাবে দেখা গেছে, গত পাঁচ বছরে শুধু সিলেট থেকেই প্রায় ১০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার পর তাদের বাবা-মাসহ পুরো পরিবারও দেশ ছাড়ছে।

তরুণদের এ বিদেশমুখিতায় দেশে ভবিষ্যতে মেধা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে অন্যদিকে প্রবাসীরা ভবিষ্যতে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন আশাবাদও রয়েছে।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, “সিলেটের ভালো ফল করা শিক্ষার্থীদের নিয়ে আমাদের গবেষণাভিত্তিক প্রত্যাশা থাকে। কিন্তু দেশে গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই। বিদেশে গেলে গবেষণার ক্ষেত্র বাড়ে এবং যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগও তৈরি হয়। এ কারণেই তারা বিদেশে যেতে আগ্রহী।”

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, “জীবনযাত্রার মান উন্নত করার আকাঙ্ক্ষা ও বেকারত্ব তরুণদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। দেশে মাস্টার্স পাস করেও অনেকে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। অন্যদিকে বিদেশে গিয়ে কম পড়াশোনা করেও অনেকে ভালো জীবনযাপন করছে—এ দৃশ্য তরুণদের প্রভাবিত করছে।”

সব মিলিয়ে উন্নত শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের আশায় সিলেটের তরুণরা ক্রমেই বিশ্বমুখী হয়ে উঠছেন, যা একদিকে যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি দেশে মেধা ধরে রাখার চ্যালেঞ্জও বাড়াচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad