সিলেটে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ৪ রাউন্ড ফাঁকা গুলি
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ওই এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় মাদক বহনকারী একটি মোটরসাইকেলকে ধাওয়া করা হলে কারবারিরা ১৬৭ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর বলেন, মাদক পাচারের তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এতে আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: