জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, এবার যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’—এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। তারা অভিযোগ করেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির অংশ হিসেবেই এ ধরনের সন্ত্রাসী হামলা সংঘটিত হচ্ছে।
নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেন তারা।
এ রহমান
মন্তব্য করুন: