বিয়ানীবাজারে আইফোন নিয়ে বিরোধ, যুবক খুন
সিলেটের বিয়ানীবাজারে আইফোন নিয়ে বিরোধের জেরে ইমন আহমদ (২২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইমনেরই গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইমন একটি দামী আইফোন ব্যবহার করতেন। ওই ফোন নিয়ে আশরাফুলের আগ্রহ ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: