সিলেটে ৮ দলের সমাবেশ শনিবার, যে বার্তা আসছে সমাবেশ থেকে
Led Bottom Ad

সিলেটে ৮ দলের সমাবেশ শনিবার, যে বার্তা আসছে সমাবেশ থেকে

মইনুল হাসান আবির

০২/১২/২০২৫ ০৮:০৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের রাজনীতিতে আবারও উত্তাপ ফিরেছে। আগামী শনিবার আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা ঘিরে পুরো বিভাগ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনার ঝড়। আয়োজকদের ভাষায়—সমাবেশে মানুষের ঢল নামবে, আর সেই ঢল থেকেই স্পষ্ট বার্তা যাবে জাতীয় রাজনীতিতে।


সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একশ বক্তার আসনবিশিষ্ট বিশাল মঞ্চ, হাজারো স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ—সব মিলিয়ে আয়োজকেরা কয়েক লাখ মানুষের উপস্থিতি আশা করছেন।


তিনি বলেন, “৮ দলের নেতাকর্মীরা একসঙ্গে মাঠে নামলে সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবেই। তাই সবাই নিজ নিজ ব্যবস্থায় দুপুরের খাবারের প্রস্তুতি নিয়েছে।”


৬ ডিসেম্বরের বিভাগীয় এ মহাসমাবেশে উপস্থিত থাকবেন ৮ দলের সকল শীর্ষ নেতা—জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম, জাগপা ও বিডিপির শীর্ষ নেতৃত্বসহ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা। এতো নেতার এক মঞ্চে উপস্থিতি—জোটের ঐক্য ও রাজনৈতিক সংকল্পকেই সামনে নিয়ে আসছে।


জোটের নেতারা বলছেন—এই সমাবেশের মূল বার্তা তিনটি: ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি ২. সবার জন্য সমান রাজনৈতিক মাঠ বা লেভেল প্লেয়িং ফিল্ড ৩. গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে জনমত তৈরি


এ লক্ষ্য সামনে রেখে গঠন করা হয়েছে ১৩ সদস্যের লিয়াজোঁ কমিটি। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন।


এদিকে সমাবেশের আগে সোমবার (১ ডিসেম্বর) সিলেট মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট। বৈঠকে তারা আসন্ন জাতীয় নির্বাচন, সম্ভাব্য ক্ষমতায় গেলে জামায়াতের পরিকল্পনা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত জানতে চান।


মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, “আমরা আমাদের রাজনৈতিক ও মানবিক কর্মসূচি তুলে ধরেছি। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছি।”


নেতারা বলছেন,শনিবার সিলেটে যে সমাবেশ হতে যাচ্ছে, তা কেবল জনসমাবেশ নয়; বরং জোটের রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক বড় পরীক্ষা। এই জমায়েতের মাধ্যমে ৮ দল জানাতে চায়—তারা মাঠে শক্ত অবস্থানে আছে,জুলাই সনদের দাবিতে সমঝোতা নেই ও গণভোট ও নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক মহলও তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে


সিলেট থেকেই ৮ দল জানাতে চায়, তারা এখনই মাঠ ছাড়তে নয়, বরং নতুন রাজনৈতিক বাস্তবতার যাত্রা শুরু করতে এসেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad