শ্বাসরুদ্ধকর নৃশংসতা
কানাইঘাটে প্রতিবেশীদের হাতে যুবক ছয়ফুলকে খুঁটিতে বেঁধে কুপিয়ে হত্যা
সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী দনা রাতাছড়া গ্রামে ছয়ফুল মিয়া (১৮) নামে এক যুবককে বাড়ির খুঁটিতে বেঁধে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, টাকা–পয়সা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী সাকিল আহমদ (২৫) জোরপূর্বক ছয়ফুলকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে তার বাড়ির বারান্দার খুঁটিতে ছয়ফুলকে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর সাকিলের সহযোগী সুমন আহমদ (২৭) ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় টাকা লেনদেন নিয়ে তর্কের একপর্যায়ে সাকিল ও সুমন দা দিয়ে ছয়ফুলের ওপর নির্বিচারে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় ছয়ফুলের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুজনই পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছয়ফুল ওই গ্রামের ছলু মিয়ার ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দু আউয়াল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং ঘাতকদ্বয়কে ধরতে অভিযান শুরু করে। সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ রহমান
মন্তব্য করুন: