বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা জরুরি, কারণ শিক্ষাজীবনে অর্জিত জ্ঞানই ভবিষ্যৎ জীবনের পথচলায় কাজে আসে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি’ পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল কবি এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবসায়ী নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলার সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির ৪১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেন।
এ রহমান
মন্তব্য করুন: