সিলেটে সরকারি কালভার্ট ভরাট করে সাবেক ছাত্রলীগ নেতার দখল

সিলেটে সরকারি কালভার্ট ভরাট করে সাবেক ছাত্রলীগ নেতার দখল

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১২/০৭/২০২৬ ১৪:১৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে সরকারি কালভার্টের দুপাশের মুখ মাটি দিয়ে ভরাট করে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে মুরছালিন শ্যামল নামে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের এক সাবেক সহসভাপতির বিরুদ্ধে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় উপজেলার ইসলামাবাদ (লংলাখাল) গ্রামের অন্তত ৩০টি পরিবার দীর্ঘ তিন বছর ধরে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানের জমি সংলগ্ন একটি খাল ছিল। ওই খাল দিয়ে স্থানীয়দের বসতবাড়ি, লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের পানি নিষ্কাশন হতো। পানি চলাচল স্বাভাবিক রাখতে ২০১৫-২০১৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বরাদ্দে তিন লাখ টাকা ব্যয়ে এখানে একটি কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রায় তিন বছর আগে মুরছালিন শ্যামল ও তাঁর ভাইয়েরা প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুলে খালের মুখ ও কালভার্টের দুপাশে মাটি ভরাট করে নেট জাল দিয়ে এলাকাটি দখলে নেন।

ভুক্তভোগী জামিল, আব্দুল গনি, আব্দুর রব ও রোমান আহমদসহ স্থানীয় বাসিন্দারা জানান, বাধা দেওয়া সত্ত্বেও অভিযুক্তরা তা আমলে নেননি। খাল ও কালভার্টের মুখ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষের বাড়ির উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি।

জানতে চাইলে অভিযুক্ত মুরছালিন শ্যামল মাটি ভরাটের বিষয়টি স্বীকার করে বলেন, “ওই জায়গা সরকার বাহাদুর থেকে বন্দোবস্ত এনে দখল ও মাটি ভরাট করেছি। নদী থেকে বালু তুলতে অনেক টাকা খরচ হয়েছে। কালভার্টের মুখ বন্ধ হওয়ায় কিছু পরিবার পানিবন্দি হয়েছে ঠিকই, তবে ভুক্তভোগীরা আমার আত্মীয়। চাইলে তাঁরা আবার খাল করে পানি সরাতে পারে। মামলা বা মিডিয়ায় নিউজ করে কিছুই হবে না।”

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “কালভার্টের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কোনো এখতিয়ার কারও নেই। বিষয়টি আমি জেনেছি এবং এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad