হবিগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস খান এবং একই উপজেলার সতং গ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ নয়ন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার চণ্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে চানপুর চা-বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই মুহাদ্দিস খান ও শেখ নয়ন মিয়া নিহত হন।
এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইজিবাইক উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বপন রবি দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: