‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানের স্রষ্টা নিয়ে নতুন তথ্য দিলেন সাংবাদিক আল-হেলাল
বাংলাদেশের লোকসংগীতের বহুল পরিচিত ও জনপ্রিয় মরমী গান ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটির প্রকৃত গীতিকার কে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অস্পষ্টতা। জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে গানটি ব্যাপক পরিচিতি পেলেও এর মূল স্রষ্টার নাম অনেকের কাছেই অজানা। গানটির প্রকৃত গীতিকার ও সুরকার সুনামগঞ্জের মরমী সাধক বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এমন তথ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের কাছে তুলে ধরেছেন সুনামগঞ্জের কবি, গীতিকার, সাংবাদিক ও বাউলশিল্পী আল হেলাল।
গত ৩১ অক্টোবর শনিবার রাত ৮টায় ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে একাধারে পাঁচটি গান পরিবেশন করেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ সময় তাঁর সঙ্গে আল হেলালের দ্বিতীয়বারের মতো পরিচয় হয়। মঞ্চে ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গান ‘এমন একটা মা দেনা’ পরিবেশনের সময় তাঁর সঙ্গে কণ্ঠ মেলান আল হেলাল। পরে মঞ্চে বসেই দুজনের মধ্যে সংগীত নিয়ে আলাপচারিতা হয়।
একপর্যায়ে আল হেলাল ফেরদৌস ওয়াহিদকে প্রশ্ন করেন, তাঁর কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটির প্রকৃত গীতিকার ও সুরকারের নাম তিনি জানেন কি না। প্রথমে না জানালেও পরে ফেরদৌস ওয়াহিদ জানতে চান, গানটির স্রষ্টা কে। তখন আল হেলাল তাঁকে জানান, গানটির মূল রচয়িতা ও সুরকার হলেন সুনামগঞ্জের মরমী সাধক বাউল কামাল পাশা (কামাল উদ্দিন)।
আল হেলাল গানটির শেষ অন্তরার ভণিতাও তাৎক্ষণিকভাবে ফেরদৌস ওয়াহিদকে শুনিয়ে দেন ‘নিব আমি চিরবিদায়, আর না আসিব ধরায়, যাবো চলে কামাল পাশায় জনমের তরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।’ তাঁর দাবি, এই ভণিতাই গানটির স্রষ্টা হিসেবে বাউল কামাল পাশার পরিচয় বহন করে।
আল হেলালের দেওয়া তথ্য অনুযায়ী, বাউল কামাল পাশার বাবা মরমী কবি মো. আজিম উদ্দিন ওরফে টিয়ার বাপ তৎকালীন আসাম প্রাদেশিক পরিষদের সদস্য এবং দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের জমিদার খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৩৭ সালের পর গোলাম মোস্তফা চৌধুরী আসাম প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে শিলং ও কলকাতাসহ বিভিন্ন এলাকায় অবস্থানকালে তাঁর এপিএস হিসেবে আজিম উদ্দিনও সেখানে থাকতেন। বাবার সঙ্গে সেসব এলাকায় যাতায়াতের সুবাদে বাউল কামাল পাশা কলকাতা, শিলং ও গৌহাটিসহ বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন এবং লোকসংগীত পরিবেশন করেছেন।
আল হেলালের ভাষ্য, সেই সময়েই ‘দিলকী দয়া হয় না’ ‘প্রেমের মরা জলে ডোবে না’ এবং ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানগুলো রচনা করেন কামাল পাশা। গানগুলো কলকাতা, আসাম এবং তৎকালীন পূর্ববঙ্গের বিভিন্ন এলাকায় মালজোড়া গানের আসরে পরিবেশন করা হতো। বিশেষ করে পালাগানের শেষ রাতে বিদায়ের গান হিসেবে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ পরিবেশন করতেন তিনি।
গানটির সঙ্গে আল হেলালের পরিচয়ও দীর্ঘদিনের। তিনি জানান, ১৯৮২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরারগাঁও গ্রামের ফকিরবাড়িতে বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাউল কামাল পাশার শিষ্য বাউল মজনু পাশাকে গানটি পরিবেশন করতে দেখেন। তখন গানটি কামাল পাশার ভণিতাসহ পরিবেশিত হয়েছিল।
১৯৮৫ সালে বাউল কামাল পাশার মৃত্যুর পর গানটি ধীরে ধীরে প্রচারের আড়ালে চলে যায় বলে দাবি করেন আল হেলাল। পরবর্তী সময়ে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে গানটি নতুন করে জনপ্রিয়তা পায়। তবে মূল গানের চারটি অন্তরার পরিবর্তে তিনি তিনটি অন্তরা পরিবেশন করতেন বলে আল হেলাল উল্লেখ করেন। এতে গানটি শ্রোতাদের কাছে পরিচিতি পেলেও মূল গীতিকারের নাম যথাযথভাবে প্রচারিত হয়নি বলে তাঁর দাবি।
বাউল কামাল পাশার গান রচনার পক্ষে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক তথ্যও তুলে ধরেছেন আল হেলাল। তাঁর দেওয়া তথ্যমতে, ২০১৬ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পচর্চায় তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও ডিজিটালাইজেশন’ প্রকল্পের আওতায় ‘জল জোছনার সুর’ শীর্ষক উদ্যোগে সুনামগঞ্জ অঞ্চলের লোকসংগীত সংগ্রহ ও সংরক্ষণের কাজ করা হয়।
এ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের পাঁচ প্রধান লোককবির অন্যতম বাউল কামাল পাশার ২০৬টি গান রেকর্ড করা হয়। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল গানগুলো রেকর্ড করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাঠান। ওই সংগ্রহের ৫৯ নম্বর গান হিসেবে ‘কামালগীতি’ পরিচয়ে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটি পরিবেশন করেন বাউল মোশাহিদ ভান্ডারী।
এ ছাড়া ২০২০ সালের ১৮ জানুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি পরিবেশন করেন সুনামগঞ্জের প্রখ্যাত বাউলশিল্পী রুকশানা ভান্ডারী। একই বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের ‘সুরের বাংলা’ অনুষ্ঠানে বাউল কামাল পাশার পাঁচটি গান সম্প্রচার করা হয়। অঞ্চলভিত্তিক লোকসংগীতবিষয়ক ওই অনুষ্ঠানে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটি পরিবেশন করেন কামাল পাশার জন্মস্থান দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাউলশিল্পী রুহেল মিয়া তালুকদার।
আল হেলালের মতে, ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ কেবল একটি জনপ্রিয় গান নয়; এটি বাউল কামাল পাশার জীবনদর্শন, মরমী ভাবনা ও মৃত্যুচিন্তার অনন্য প্রকাশ। গানটির কথায় মৃত্যুর অনিবার্যতা, পার্থিব জীবনের সমাপ্তি এবং মানুষের চিরবিদায়ের অনুভূতি ফুটে উঠেছে।
গানটির চারটি অন্তরায় মৃত্যুর প্রস্তুতি থেকে শুরু করে কবর, দোয়া ও চিরবিদায়ের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। শেষ অন্তরায় নিজের নাম ‘কামাল পাশা’ ভণিতার মাধ্যমে সংযুক্ত করে গীতিকার তাঁর সৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন।
উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। লোকসংগীত, চলচ্চিত্রের গান ও আধুনিক গানে তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। তাঁর কণ্ঠে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’সহ অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তবে ‘সাজিয়ে গুজিয়ে দে মোরে’ গানটির প্রকৃত স্রষ্টার পরিচয় সামনে আনার বিষয়টি সুনামগঞ্জের লোকসংগীতের ইতিহাস সংরক্ষণে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।
স্থানীয় লোকসংগীত সংগ্রাহক ও গবেষকদের মতে, বাউল কামাল পাশার গানগুলো যথাযথভাবে সংরক্ষণ, গবেষণা ও প্রচারের উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে ছড়িয়ে পড়া লোকগানের ক্ষেত্রে মূল গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করার চর্চা নিশ্চিত করা প্রয়োজন। এতে নতুন প্রজন্মের কাছে লোকসংগীতের প্রকৃত স্রষ্টাদের পরিচয় ও অবদান যথাযথভাবে পৌঁছাবে।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: