পরিদর্শনে ইউএনও
লাখাইয়ে মডেল মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের নকশা অনুমোদন
হবিগঞ্জের লাখাই উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যেই এর সমুদয় নির্মাণকাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ইতিমধ্যে মূল ভবনের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সীমানা প্রাচীরের প্রয়োজনীয় মাপজোখ ও নকশা চূড়ান্ত করার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
পরিদর্শনকালে ইউএনও নকশাসহ আনুষঙ্গিক বিষয়াদি খতিয়ে দেখে তা চূড়ান্ত অনুমোদন দেন। একই সাথে তিনি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই মডেল মসজিদের নির্মাণকাজ শতভাগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ ও গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: