সংখ্যালঘু পরিবার উচ্ছেদের শঙ্কা
সুনামগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে জলমহাল ইজারার অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের স্পষ্ট রায় ও আইনি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধপূর্ণ ভূমিতে খাস কালেকশন ইজারা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে। এর ফলে একটি সংখ্যালঘু পরিবারের বসতভিটা ও জমি দখলের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ মহলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারটিকে উচ্ছেদ ও হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
উপজেলার বাসুদেব চরণ মৌজার 'ভৈষা ও চাতল' নামক জলমহাল এবং এর সংশ্লিষ্ট ভূমি নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝেও চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য বাউধরন গ্রামের বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) ১০ নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাসুদেব চরণ মৌজার জেএল নম্বর ১৮৫, খতিয়ান নম্বর ৪৮ এবং ৩৭৩০ ও ৩৩৭৭ দাগের জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ৪২৬/২০১৭ নম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত ভুক্তভোগীদের পক্ষে রায় প্রদান করেন এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধনের নির্দেশ দেন। এছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা স্বত্ব মামলা ১৪২/২০২১-এর রায়ও তাদের পক্ষেই রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, আদালতের সুনির্দিষ্ট রায় ও আইনি নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বঙ্গাব্দের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং-বাউধরন) নামের এক ব্যক্তির নামে উক্ত ভূমির খাস কালেকশন ইজারা মঞ্জুর করে।
তিনি আরও জানান, এর আগে ২০২৫ সালের ১৬ নভেম্বর আদালতের রায় ও প্রয়োজনীয় কাগজপত্র সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জমা দেওয়ার পর ১৪৩২ বঙ্গাব্দে ওই জমির খাস কালেকশন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পুনরায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে আদালতের রায় ও প্রচলিত আইনি প্রক্রিয়ার পরিপন্থী।
অভিযোগে আরও বলা হয়, ইজারা পাওয়ার পর থেকেই আত্মী উদ্দিন ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। পাশাপাশি নিজেদের বিএনপির কর্মী-সমর্থক পরিচয় দিয়ে শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন ব্যক্তি পরিবারটিকে জমি ও বসতভিটা থেকে উচ্ছেদ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছেন।
ভুক্তভোগী পরিবারের আক্ষেপ, বৈধ দলিল ও আদালতের অনুকূলে রায় থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল তাদের মতো একটি সংখ্যালঘু পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে সর্বগ্রাসী রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে তারা নিজেদের জানমাল ও শেষ সম্বল বসতভিটা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। পাশাপাশি সরকারি কৌঁসুলি (জিপি)-এর আইনগত মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।”
আদালতের রায় ও নির্দেশনার যথাযথ বাস্তবায়ন, বিরোধপূর্ণ ভূমিতে ইজারা প্রদানের বৈধতা যাচাইপূর্বক তা বাতিল এবং সংখ্যালঘু পরিবারটির জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: