ভাইরাল ভিডিওর জেরে আটক সুনামগঞ্জের তারা মিয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাতটার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাঁকে আটক করা হলো।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মিয়া রণজিৎ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এর আগে গতকাল সোমবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা-কর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।
রণজিৎ সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: