নূর হোসেনের আত্মত্যাগের ৩৯ বছর আজ

নূর হোসেনের আত্মত্যাগের ৩৯ বছর আজ

প্রথম ডেস্ক

১০/১১/২০২৬ ১৩:০১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নিজের শরীরে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তার সেই আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস।

নূর হোসেনের মৃত্যুর মধ্য দিয়ে এরশাদবিরোধী আন্দোলন নতুন গতি পায়। তার বুকে-পিঠে লেখা স্লোগান এবং গুলিবিদ্ধ শরীর গণতন্ত্রকামী মানুষের কাছে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছিল। পরবর্তী সময়ে রক্তক্ষয়ী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের পতন ঘটে।

ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের পরিবারে জন্ম নেওয়া নূর হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। এরশাদের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যখন তীব্র, তখনই তিনি বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে আন্দোলনে যোগ দেন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর পল্টনের জিরো পয়েন্ট এলাকায় এরশাদবিরোধী একটি মিছিল অতিক্রম করার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। পুলিশের ওই অভিযানে নূর হোসেন নিহত হন।

তার মৃত্যুর পর একই বছরের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। প্রায় তিন মাস পর ১৯৮৮ সালের ৩ মার্চ নতুন সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। তবে বড় রাজনৈতিক দলগুলো ওই নির্বাচনে অংশ নেয়নি। ফলে নির্বাচিত সংসদ রাজনৈতিক বৈধতা অর্জন করতে পারেনি।

এরপরও ক্ষমতা ধরে রাখেন এরশাদ। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগের মধ্য দিয়ে তার শাসনের অবসান ঘটে। এর মধ্য দিয়ে স্বৈরশাসনবিরোধী দীর্ঘ আন্দোলনের পরিসমাপ্তি হয়।

পরবর্তী সময়ে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেয় এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। নূর হোসেন যে স্থানে পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছিলেন, সেই স্থানটি বর্তমানে শহীদ নূর হোসেন চত্বর নামে পরিচিত।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad