জৈন্তাপুরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
সিলেটের জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রাতভর অভিযান চালিয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাদ উদ্দিন (৪৮), তিনি হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। ৫নং ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান (৪৫), তিনি উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে। অপরজন হলেন নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তিনি শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় স্থানীয় কয়েকজন ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল জাকারিয়া মাহমুদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। পথে তামাবিল হাইওয়ে সড়কের কাছাকাছি পৌঁছালে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে পিকআপে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং হ্যান্ডকাপসহ জাকারিয়া মাহমুদকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। ঘটনার পর থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: