শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে হামলার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের ১১৮ নম্বর রুমে (অগ্নিবীণা) স্ত্রীসহ অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের চেকআউটের কথা ছিল। রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা রিসোর্টে অবস্থান করছিলেন।
মঙ্গলবার সকালে রিসোর্টের গেটের সামনে অটোরিকশাযোগে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে হাসিবের ওপর হামলা চালায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল হয়েছে)। ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় এক নারীসহ হাসিব যাওয়ার সময় হামলার শিকার হন এবং একপর্যায়ে দৌড়ে আত্মরক্ষা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির সভাপতি খালেদ হাসান জানান, হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী এবং স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে এসেই তিনি এই হামলার শিকার হয়েছেন।
হামলার ঘটনার পর থেকে হাসিব আল ইসলাম আত্মরক্ষায় আত্মগোপনে রয়েছেন।
শাহিন আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: