সুরে-ছন্দে স্মরণ মরমি সাধক রাধারমণ: ধামাইলের পসরায় মুখরিত সুনামগঞ্জ
প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা আর অন্তহীন মানবিক অনুভূতির সুরের জাদুতে বাংলা লোকসংগীতকে যিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই বৈষ্ণব কবি ও মরমি সাধক রাধারমণ দত্ত। তাঁর অমর সৃষ্টি আর ধামাইলের আলতা রাঙা ছন্দ আজও গ্রামবাংলার মানুষের হৃদস্পন্দনে বেঁচে আছে। প্রজন্মান্তরে ছড়িয়ে পড়া সেই প্রেমময় দর্শন ও লোকঐতিহ্যকে ভালোবেসে স্মরণ করল সুরের আঁতুরঘর সুনামগঞ্জ। হাসন রাজা মিলনায়তনে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য স্মরণানুষ্ঠান ও লোকসংগীতের প্রাণবন্ত মিলনমেলা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে মরমি সাধক রাধারমণের জীবন, সুমধুর সাহিত্যকর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং আবৃত্তি প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সুমধুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পৌর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, গীতিকার ও কবি দ্রুপদ চৌধুরী নূপুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান শামীম এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান।
আলোচকরা বলেন-রাধারমণ দত্ত কেবল একজন গীতিকার বা কবি নন, তিনি বাংলা লোকসংগীতের এক জীবন্ত অন্তরাত্মা। তাঁর রচিত গানে মানব মনের প্রেম, বিরহ, ভক্তি ও জীবনবোধের গভীরতম প্রকাশ ঘটেছে। বিশেষ করে ধামাইল গানের ঐশ্বর্যময় ছন্দে তিনি গ্রামীণ নারীদের সাংস্কৃতিক চর্চাকে দিয়েছেন অনন্য সুষমা। সুনামগঞ্জের গৌরবময় সাংস্কৃতিক পরিচয়কে তিনি বিশ্ব দরবারে অমর করে রেখেছেন। নতুন প্রজন্মের হৃদয়ে রাধারমণের গান ও দর্শন বুনে দিতে নিয়মিত চর্চা, নিবিড় গবেষণা ও তা সংরক্ষণের বিকল্প নেই।
আলোচনা পর্বের সমাপ্তির পরেই শুরু হয় প্রতীক্ষিত সেই মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে আসে পিয়াইন ধামাইল দল, কনকচাঁপা ধামাইল দল, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, সোনিহী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়, কৃষ্ণকলি ধামাইল দল, রাইবিনোদিনী ধামাইল দল, লোকসংগীত একাডেমি, মনোরঞ্জন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী, জেলা বাউল সমিতি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
বিভিন্ন সংগঠনের শিল্পীদের কণ্ঠে যখন রাধারমণের সুর আর ধামাইলের ধূলি-উড়ানো ছন্দ বেজে ওঠে, তখন পুরো মিলনায়তনজুড়ে নেমে আসে এক অদ্ভুত মরমি আবহ। শিল্পীদের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে বাংলার লোকজ জীবন, রাধার আকুলতা, প্রেম-বিরহের চিরন্তন অনুভূতি এবং আত্মিক সাধনার সৌরভ।
রাধারমণ দত্তের গান কেবল অতীতের কোনো মলিন স্মৃতিচিহ্ন নয়; বরং এটি বাংলার লোকজ সংস্কৃতির প্রবহমান এক জীবন্ত উত্তরাধিকার। তাঁর এই অমূল্য সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং ধামাইলসহ লোকসংগীতের শিকড়কে বাঁচিয়ে রাখার এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, হয়ে উঠেছিল লোকসংস্কৃতির এক অপার্থিব প্রাণস্পন্দন।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: