যে কোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে: মোনায়েম মুন্না

সংবাদ সম্মেলনে অভিযোগ

যে কোন ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে: মোনায়েম মুন্না

প্রথম ডেস্ক

২৫/০৯/২০২৬ ২২:২৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ‘খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোনায়েম মুন্না বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলন এবং ১৭ বছরের ‘গণহত্যার’ দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিলেটের কৃতী সন্তান এম ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের বিচার দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা বাংলাদেশের ভালো চায় না। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে হবে।’

সমাবেশ শেষে আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।

সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী আহসান।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad