কানাইঘাটে বন্ধুর স্ক্রু-ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু

কানাইঘাটে বন্ধুর স্ক্রু-ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৯/০৬/২০২৬ ১৮:৫৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনার জেরে এক বন্ধুর স্ক্রু-ড্রাইভারের আঘাতে আহত অপর এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (২৯ জুন) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


নিহত কিশোরের নাম আহাদ আহমদ (১৫)। সে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় নানার সঙ্গে থাকত। আহাদের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কানাইঘাট উপজেলা সড়কের একটি লেদ মেশিনের কারখানায় (ওয়ার্কশপ) এ ঘটনা ঘটে। আহাদ ওই কারখানার কর্মচারী ছিল। গতকাল সন্ধ্যায় কারখানায় আসে তার বন্ধু ও কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (১৫)। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। কারখানার ভেতরে থাকা একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে আহাদের শরীরে আঘাত করে সায়েম। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।


কারখানার লোকজন ও স্থানীয় বাসিন্দারা আহাদকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আহাদের মৃত্যু হয়।


এদিকে ঘটনার আগে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজ বিকেলে প্রথম সিলেটকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত কিশোর সায়েমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad