সিলেটসহ ১১ জেলায় বন্যা ও দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বাহিনীটি কাজ করছে।
আজ রবিবার (১২ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সদস্যরা কাজ করছেন।
বিজিবি সদর দপ্তর আরও জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এই ১১ জেলার মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
তবে সিলেটে বিজিবি মোতায়েনের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, “সিলেটের ৩ জেলায় বিজিবি মোতায়েনের ব্যাপারে জেলা প্রশাসনে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।” তিনি আরও যোগ করেন, “রবিবার জেলা প্রশাসকের উদ্যোগে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা সভা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিলেটে বন্যার তেমন কোনো শঙ্কা নেই।”
এ বিষয়ে বিস্তারিত জানতে সিলেট ব্যাটালিয়ন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আর আর
মন্তব্য করুন: