জনতার হাতে আটক চোর
বড়লেখায় ব্যাংকের সামনে নারীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইসলামী ব্যাংকের সামনে হালিমা বেগম নামে এক নারীর কাছ থেকে প্রায় ৪১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে বড়লেখা পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হালিমা বেগম বড়লেখা উপজেলার দক্ষিণ মদিকোনা গ্রামের ওমর আলীর স্ত্রী। আটককৃত অভিযুক্ত ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হালিমা বেগমের প্রবাসী ছেলে ব্যাংক মারফত দেশে টাকা পাঠান। সেই রেমিট্যান্সের টাকা তুলতে তিনি দুপুরে ইসলামী ব্যাংকের বড়লেখা শাখায় আসেন। ব্যাংক থেকে ৪১ হাজার টাকা উত্তোলন করে নিচে নামার পর ওত পেতে থাকা ওই প্রতারক হালিমা বেগমকে নানারকম কথাবার্তায় বিভ্রান্ত করে ফেলে। একপর্যায়ে সুযোগ বুঝে সে বৃদ্ধার ব্যাগ থেকে টাকার বান্ডিলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ধাওয়া করে ওই প্রতারককে হাতেনাতে আটকে ফেলেন। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করে হালিমা বেগমকে ফিরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আর আর
মন্তব্য করুন: