প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

প্রথম ডেস্ক

১২/১১/২০২৬ ১৪:৩৯:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হচ্ছে। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২টি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ ব্যয় বাড়ছে। এতে বই ছাপার মোট চুক্তিমূল্য ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটে মুদ্রিত বইয়ের বর্ধিত ফর্মা ছাপার জন্য ভেরিয়েশন প্রস্তাব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা উল্লেখ করা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এর ফলে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় মূল চুক্তির তুলনায় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বাড়ছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad