শাল্লায় মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী রফিকের গণসংযোগ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সমাজসেবক মো. রফিকুল ইসলাম। অবহেলিত জনপদটিকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে প্রচারণায় নামেন রফিকুল ইসলাম। এ সময় দামপুর, চব্বিশা, রহমতপুর, কান্দিগাঁওসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট ও জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত সাধারণ মানুষ ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় ভোটারদের মন জয় করতে মো. রফিকুল ইসলাম বেশ কিছু সময়োপযোগী ও জোরালো বক্তব্য রাখেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এলাকার এই চরম অবহেলা ও বঞ্চনা আমাকে ভীষণ পীড়িত করে। আপনাদের সন্তান ও আপনাদেরই আপনজন হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকব। আমাকে যদি আপনারা সেবা করার সুযোগ দেন, তবে ৪নং শাল্লা ইউনিয়নকে লুটপাট, দুর্নীতি ও মাদকের গ্রাস থেকে মুক্ত করে একটি শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলব।"
তরুণ সমাজকে রক্ষায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, "আমাদের যুবসমাজ আজ মাদকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। আমি নির্বাচিত হলে হাওর এলাকার অবকাঠামোগত ও রাস্তাঘাটের টেকসই উন্নয়নের পাশাপাশি পর্যাপ্ত ক্রীড়াঙ্গন ও যুব কল্যাণমূলক কার্যক্রম গড়ে তুলব। যাতে যুবসমাজ মাদক ও অপরাধ ছেড়ে খেলাধুলা ও গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে দালাল ও দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে।"
সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের সান্ত্বনা দিয়ে রফিকুল ইসলাম বলেন, "আমি শুধু ভোটের জন্য আপনাদের কাছে আসিনি, আপনাদের না পাওয়ার বেদনাগুলো ভাগ করে নিতে এসেছি। নাগরিক অধিকার আদায়ে আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আপনারা বিগত দিনের ভুলত্রুটি ভুলে আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিন, আমি আপনাদের আস্থার প্রতি একশ ভাগ সৎ থাকার ওয়াদা করছি।"
প্রচারণার শেষ পর্যায়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের প্রবীণ মুরুব্বি, তরুণ সমাজ, নারী সমাজ ও সাধারণ ভোটারের কাছে আগামী নির্বাচনে দোয়াসহ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: