এসডিজি স্থানীয়করণে সমন্বিতভাবে কাজ করতে হবে: সচিব আলেয়া আক্তার
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সকল অংশীদারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এসডিজি স্থানীয়করণ বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব আলেয়া আক্তার বলেন, জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এসডিজির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রত্যেককে নিজের কাজের জবাবদিহি করতে হবে। সীমিত সম্পদ ও সুযোগের মধ্যেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে হয়। দায়িত্ববোধ, সততা ও আন্তরিকতা থাকলে এসডিজি অর্জন সম্ভব।”
সচিব আরও বলেন, সিলেটে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পতিত জমি শতভাগ আবাদ, চা-শ্রমিক পরিবারের শিশুদের শতভাগ শিক্ষার আওতায় আনা এবং পর্যটন বাড়াতে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সেমিনারে এসডিজি সেলের ডেপুটি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট মো. আলমগীর হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ রহমান
মন্তব্য করুন: