গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়িবাঁধ
Led Bottom Ad

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়িবাঁধ

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১১/১২/২০২৫ ১৬:৩৬:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি গোচর ভূমিতে জোরপূর্বক বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত আবেদন করেও কোনো পদক্ষেপ না পাওয়ার দাবি তাঁদের।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডৌবাড়ী গ্রামের শাহজাহান ও গ্রামবাসী মাতাব উদ্দিনসহ ২৪ জনকে বিবাদী করে সিভিল কোর্টে একটি স্বত্ব মামলা দায়ের করেন (মামলা নং–১৮৮/২৫)। গত ৩০ নভেম্বর আদালত তফসিলভুক্ত জমিতে কোনো ধরনের বাঁধ নির্মাণ, আকার–আকৃতি পরিবর্তন কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি না করার বিষয়ে বিবাদী পক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।


আদালতের আদেশে উল্লেখ ছিল—বিবাদীরা নালিশাভুক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখবেন। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, আদেশ পাওয়ার পরও বিবাদীরা সেখানে বেড়িবাঁধ নির্মাণ চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি গোচর ভূমির স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।


আদালত সূত্র জানায়, তিনটি মৌজার মোট কয়েক শ একর গোচর শ্রেণির জমিতে বাদীপক্ষের ‘প্রিমা ফেসি’ অধিকার রয়েছে বলে আদালত মনে করেন। একই সঙ্গে শান্তিভঙ্গের আশঙ্কায় স্থানীয় থানা পুলিশকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়।


এসব অভিযোগের প্রতিকার চেয়ে সম্প্রতি শাহজাহান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। তবে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর।


গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad