সিলেটে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ আজ থেকে শুরু
সিলেট মহানগরীকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ মাদকবিরোধী র্যালি ও সমাবেশের ডাক দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ রোববার (১২ জুলাই) থেকে শুরু হয়ে আগামী ১২ আগস্ট পর্যন্ত মহানগরীর সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
এসএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আজ প্রথম দিনে মহানগরীর ৫টি থানা এলাকায় একযোগে উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সিলেট কোতোয়ালী মডেল থানার উদ্যোগে চৌহাট্টা পয়েন্টে দুপুর ১২ টায়, জালালাবাদ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলায় বিকাল ৩ টায়, এয়ারপোর্ট থানার হাউজিং স্টেট মসজিদের সামনে বিকাল সাড়ে ৩ টায়, দক্ষিণ সুরমা থানা: মারকাস পয়েন্ট থেকে পিরোজপুর এলাকায় বিকাল ৩ টায় ও শাহপরান (র.) থানা: ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ পয়েন্ট, বিকাল ৩ টায় একযোগে অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) এক বার্তায় জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাসব্যাপী আয়োজিত এই কর্মসূচিগুলো সফল করতে এবং সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে এসএমপি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: