সিলেটে পুনাকের উদ্যোগে ১৫ অসহায় মানুষের মাঝে প্যাডেল রিকশা বিতরণ
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় মহানগরীর ১৫ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই রিকশাগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক এসএমপি সিলেটের সভানেত্রী সিদরাতুল মুনতাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুনাকের এই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ ডিসেম্বর ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল। এছাড়া সংগঠনটি রমজান মাসে ইফতার বিতরণ, ঈদে উপহার সামগ্রী প্রদান, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শীতার্তদের শীতবস্ত্র ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছে।
পুনাকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: