সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা
'তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিই সুন্দর আগামী গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামসুদ্দিন খানের সভাপতিত্বে এবং পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আবদুল্লাহ আল-মামুন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরূপ রতন সিংহ বলেন, “পরিকল্পিত পরিবার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা লাভ করেন নরসিংপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছা. সাজেদা বেগম, পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদওয়ানুর রহমান এবং বাংলাবাজার ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. কোহিনুর আক্তার। এছাড়া শ্রেষ্ঠ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা 'পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট' (পিএইচডি) এবং পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিষদ সম্মাননা লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মাসুদ রানা সোহাগ / আর আর
মন্তব্য করুন: