নির্বাহী পরিচালকের দায়িত্বে সাদি উর রহিম জাদিদ
দুই বছর পর সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ
জাতীয় সংসদে আইন পাশের দুই বছরেরও বেশি সময় পর অবশেষে সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (এসডিএ)। কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ। বুধবার তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
সিলেটের বিশ্বনাথের বাসিন্দা ৩৩তম বিসিএসের এই কর্মকর্তা সবশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পর্যটন উন্নয়নে তাঁর নেওয়া নানা উদ্যোগের কারণে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন জাদিদ।
নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, “সিলেট নগরকে পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার লক্ষ্যেই উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। দীর্ঘদিন কার্যক্রম না থাকলেও এখন থেকে নিয়ম-নীতি প্রণয়নসহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।” প্রথম পর্যায়ে গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকেই কর্তৃপক্ষের কাজ চলবে, পরে আলাদা দপ্তর ও জনবল নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় সরকার। পরের বছর ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাস হয় এবং ২৩ নভেম্বর গেজেট প্রকাশিত হয়। উদ্দেশ্য—সমন্বিত নগর পরিকল্পনা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং পর্যটনসমৃদ্ধ আধুনিক সিলেট গড়ে তোলা।
এ রহমান
মন্তব্য করুন: