সিলেটে নতুন পোশাকে পুলিশ: চোখে প্রশ্নের ছায়া!
সিলেট নগরের ব্যস্ত রাস্তাগুলোতে আজ যেন নতুন এক দৃশ্য। ধূসর–ছাই রঙের পোশাক পরে ট্রাফিক পয়েন্টগুলোতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। পুলিশের বহু প্রতীক্ষিত নতুন ইউনিফর্মের আনুষ্ঠানিক বাস্তবায়ন যখন দেশজুড়ে নানা আলোচনা–সমালোচনা জাগিয়েছে, সেই ঢেউ এসে লেগেছে সিলেটেও।
বৃহস্পতিবার সকাল থেকেই কোর্ট পয়েন্ট, বন্ধ দরগাহ গেট, আম্বরখানা—এসব গুরুত্বপূর্ণ মোড়ে চোখে পড়েছে নতুন পোশাকের ট্রাফিক পুলিশ। দূর থেকে দেখলে যেন পুরো শহরের চেহারায় একটি নতুনত্বের ছোঁয়া। কিন্তু সেই নতুনত্ব নিয়েই চলছে নানা প্রতিক্রিয়া—কেউ বিস্মিত, কেউ আনন্দিত, আবার অনেকের চোখে ভেসে উঠছে প্রশ্নের ছায়া।
এক পথচারী বললেন, “রঙটা একটু অদ্ভুত মনে হচ্ছে, আগেরটা যেন বেশি মানাতো।”অন্যদিকে আরেকজনের মত—“পোশাক বদলালে কী হবে? মানুষের সাথে আচরণটাই আগে বদলানো দরকার।” পরিবর্তন যতই হোক, মানুষের অনুভূতির এই বিচিত্রতা যেন স্পষ্ট করে দিচ্ছে—ইউনিফর্ম বদলালেও আস্থা গড়ে উঠতে সময় লাগবে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ–কমিশনার সুদীপ্ত রায় জানান, নতুন পোশাক আপাতত কেবল ট্রাফিক বিভাগ পেয়েছে। ধাপে ধাপে অন্য ইউনিটেও এটি চালু হবে। “ঢাকায় ১৫ নভেম্বর থেকে নতুন পোশাক ব্যবহারের শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সিলেটের ট্রাফিক বিভাগ এই পোশাকে দায়িত্ব পালন শুরু করল,”—বলেন তিনি।
পুলিশ সূত্র জানায়, সারাদেশের সব পুলিশ সদস্যের জন্য একসঙ্গে নতুন পোশাক তৈরি সম্ভব হয়নি। তাই পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। ডিএমপি ও অন্যান্য মহানগরের ইউনিটগুলো ইতোমধ্যেই নতুন পোশাক পেয়েছে, তবে জেলা পুলিশের সদস্যরা এখনও পুরোনো পোশাকেই দায়িত্ব পালন করছেন।
নতুন পোশাকে এসেছে বড় ধরনের পরিবর্তন— পুলিশের ইউনিফর্ম এখন লৌহ (আয়রন) রঙের, র্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের,আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। পরিবর্তন এসেছে পুলিশের লোগোতে—পালতোলা নৌকার জায়গায় এসেছে শাপলা, ধান–গমের শীষ ও পাটপাতার টব।
সকালের আলোয় ছাই–রঙের ইউনিফর্ম পরা পুলিশদের দেখে শহরের অনেকেই থেমে তাকিয়েছেন—কৌতূহলে, বিস্ময়ে, কিংবা নতুনত্বের সন্ধানে।
কিন্তু প্রশ্ন রয়ে যায়—এই রঙের বদল কি পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াবে? নাকি তা সময়ই বলে দেবে?
কালো পথচলায় আজ যে নতুন রঙের ছাপ পড়েছে, তা সিলেটবাসীর মনে কেমন দাগ রাখবে—এখন তাকিয়ে আছে পুরো শহর।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: