নির্ধারিত হলো আগামী রোববার
ফের পিছিয়েছে সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার যুক্তিতর্ক
সিলেটের বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার যুক্তিতর্ক আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও আদালত তা স্থগিত করে আগামী রোববার (৩০ নভেম্বর) নতুন তারিখ নির্ধারণ করেছেন। মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ আদেশ দেন।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) মামলার পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। কারাগারে থাকা একমাত্র আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহির পক্ষে আইনজীবীর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার যুক্তিতর্কের দিন ধার্য ছিল।
বাদীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী জানান, আদালত নতুন তারিখ হিসেবে রোববার দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রোববারের শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা হতে পারে।
আদালত সূত্র বলছে, মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া চলতি বছরের ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। পরদিন সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর রায়হানের স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়ায় এসআই আকবরসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই।
২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে এসআই আকবরকে আটক করা হয়। পরবর্তীতে পিবিআই ২০২১ সালের ৫ মে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার শুরু হয়। ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: