রথযাত্রা ১৬ জুলাই. সিলেটে নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতি
আসন্ন শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য শ্রী শ্রী রথযাত্রা এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা অতীত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও করণীয় তুলে ধরেন।
সভায় জানানো হয়, উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি ট্রাফিক পুলিশ বিশেষ পরিকল্পনার মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
এছাড়া ইভটিজিং, পকেটমার, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সমন্বয় সভায় গোয়েন্দা সংস্থা, র্যাব-৯, সিভিল সার্জন কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আনসার ও ভিডিপি, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দির কমিটি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: