সিলেটে রায়হান হত্যা মামলার যুক্তি-তর্ক পিছিয়েছে
সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার যুক্তি-তর্ক পিছিয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্ধারিত যুক্তি-তর্ক অনুষ্ঠিত হয়নি মামলার ৬ আসামীর মধ্যে ৫ জনের অনুপস্থিতির কারণে।
আদালত নতুন তারিখ নির্ধারণ করে বুধবার (২৬ নভেম্বর) যুক্তি-তর্কের জন্য। উপস্থিত ছিলেন একমাত্র কারাগারে থাকা আসামি এ এস আই আশেক এলাহী। মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী জানিয়েছেন, বুধবারই রায়ের সম্ভাবনা রয়েছে।
মামলার প্রধান আসামি, পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়া গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন, তবে তিনি আদালতে হাজির হননি।
ঘটনার পটভূমি অনুযায়ী, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: