জকিগঞ্জে অপরাধ দমনে আরও তৎপর হচ্ছে পুলিশ
Led Bottom Ad

মতবিনিময় সভায় এসপি মাহবুবুর রহমান

জকিগঞ্জে অপরাধ দমনে আরও তৎপর হচ্ছে পুলিশ

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

৩০/১০/২০২৫ ২১:৫৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও ট্রাফিক বিশৃঙ্খলাসহ নানা অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, “অপরাধ দমনে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়— সামাজিক সহযোগিতা ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জকিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অংশগ্রহণ করেন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় কেউ ক্লুলেস হত্যা, চুরি-ডাকাতি ও মাদক ব্যবসা বৃদ্ধির কথা তুলে ধরেন; কেউ বলেন কিশোর গ্যাং, ইভটিজিং ও ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে। অনেকেই পুলিশের সীমাবদ্ধতা ও জনগণের অংশগ্রহণের ঘাটতির কথাও বলেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মো. মফিজুল ইসলাম ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খালেদ মুহিউদ্দিন আজাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি।

সভায় পুলিশ সুপার বলেন, “কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না, তবে আমরা মামলাটির রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “জকিগঞ্জে মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আগের চেয়ে আরও তৎপর থাকবে। নির্বাচনী সময় ঘিরে কেউ যেন আইন নিজের হাতে না নেয়— সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সভায় বক্তারা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলে মিলে কাজ করার আশ্বাস দেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad