তাহিরপুর সীমান্তে ভারতের সুরঙ্গ পথে কয়লা তুলতে গিয়ে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে সুরঙ্গ পথে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের একটি কয়লার গুহায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চোরাই কয়লা কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষ ও কিশোর-যুবকদের প্রলোভন দেখিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠায়। আজ ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০-১৫ জনের একটি দল কয়লা আনতে ভারতের ভেতরে যায়। কয়লার বস্তা নিয়ে গুহা থেকে বেরিয়ে আসার সময় ওপর থেকে মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে সে মাটির নিচে চাপা পড়ে।
সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বেরিয়ে এসে ইউনুস আলীর পরিবারকে খবর দেন। পরে দুপুর একটার দিকে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা গুহার ভেতর থেকে ইউনুস আলীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম সিলেটকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: