নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: রিজভী

নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: রিজভী

প্রথম ডেস্ক

০৯/০৯/২০২৬ ১৩:৪৮:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণে বিশ্বাস করতেন জিয়াউর রহমান। দেশের অগ্রগতির জন্য নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হয় না।’

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়।’

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়ছে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে।

খাল খনন কর্মসূচির বিষয়ে রিজভী বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিল। তবে এর মধ্যে ১ হাজার কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে।’

তিনি জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad