স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা

স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশের ২ সিনেমা

প্রথম ডেস্ক

০৫/১১/২০২৬ ১৩:৩৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়াচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ও মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে বাংলাদেশের এই দুই সিনেমা।

উৎসবের এবারের আসরে অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘রইদ’। এ সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির কলাকুশলীরা। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার জিতেছিল সিনেমাটি। আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’।

সাদু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর গল্প উঠে এসেছে ‘রইদ’ সিনেমায়। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে এতে মানবজীবনের চিরন্তন এক জীবনবোধ তুলে ধরা হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু হয় ‘রইদ’-এর। পরে গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

অন্যদিকে, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনার আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ‘দেলুপি’। এ পর্যন্ত দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। এটি ‘দেলুপি’র দ্বিতীয় আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জেতেন সিনেমাটির অভিনেতা চিরনজিৎ বিশ্বাস। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দেলুপি’।

দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটির অভিনয়শিল্পীরা সবাই খুলনার স্থানীয় বাসিন্দা। ‘দেলুপি’র আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ নির্মাণ করে প্রশংসিত হন তাওকীর। 


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad