বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেস্বর) সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি উদ্বোধন করবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিভাগ, জেলা, মহানগর, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সংগঠনের সব ইউনিটকে নিজ নিজ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, এমপি, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: