বিশ্বনাথে পাইকারি দোকানে আগুন, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে ভোররাতে একটি পাইকারি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। ‘এনামুল হক এন্ড বাদার্স’ নামক দোকানটির সব মালামাল পুড়ে ভস্ম হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
দোকানের ভেতরে নলকূপ স্থাপন কাজের জন্য থাকা সাতজন শ্রমিক রাতভর ঘুমানোর সময় হঠাৎ আগুনের তাপ অনুভব করেন। চোখ মেলে আগুন দেখে তারা কোনোমতে দোকানের সাটার খুলে বাইরে বের হয়ে চিৎকার শুরু করেন। আশপাশের মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলে, পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘসময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের স্বত্বাধিকারী এনামুল হকের ভাতিজা জুমেল আহমদ জানান, “প্রতি দিনের মতো রাত ১০টার দিকে মালামাল লোড করে দোকান বন্ধ করি। ফজরের পর খবর আসে দোকানে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
বিশ্বনাথ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: