ভোটের ৫ দিন আগে স্থগিত সিলেট চেম্বার নির্বাচন

সদস্যপদ যাচাই-বাছাইয়ের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

ভোটের ৫ দিন আগে স্থগিত সিলেট চেম্বার নির্বাচন

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৫ ১৭:৪৬:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোটের মাত্র পাঁচ দিন আগে, রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, চেম্বারের সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করতে হবে। তবে চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও, ভোটার তালিকা নিয়ে আপত্তির বিষয়টি ইঙ্গিত করা হয়েছে।

(স্মারক নং: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১; তারিখ: ২৬ অক্টোবর ২০২৫)

দি সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “কিছু সদস্য ভোটার তালিকা নিয়ে আপত্তি করেছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে।”

একটি সূত্র জানায়, চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সম্প্রতি ৩ পাতার একটি আবেদনপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন, যেখানে সদস্যপদ যাচাইয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়।

চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরাও এখনো জানি না কেন নির্বাচন স্থগিত করা হলো। বিষয়টি পরিষ্কার নয়।”

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাই এবং ব্যালট তৈরিসহ সব প্রস্তুতি শেষ হয়েছিল। এবারের নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: