আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
Led Bottom Ad

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

প্রথম ডেস্ক

২০/১০/২০২৫ ১১:৫৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্তিক মাসের অমাবস্যা তিথি—অন্ধকারে মোড়ানো এক রাত, অথচ এই রাতই আলোর উৎসব। আজ সোমবার শুভ দীপাবলি ও শ্যামাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেবী কালী বা শ্যামার আরাধনায় আজ ভক্তরা নিবেদন করছেন পূজা, অঞ্জলি ও প্রদীপ প্রজ্বালন।


ধর্মীয় বিশ্বাসে, অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠার জন্যই দেবী কালী আবির্ভূত হয়েছিলেন। দিনভর নৈঃশব্দের পর গভীর রাতে শুরু হয় কালীপূজা—তন্ত্র মতে আরাধনা, মন্ত্রপাঠ, আরতিতে মুখর হয় মন্দির প্রাঙ্গণ। আলোকিত হয় ঘরবাড়ি, উঠোন, মন্দির ও রাস্তা—অন্ধকারের বুক চিরে জেগে ওঠে সহস্র দীপশিখা।


সন্ধ্যা ছয়টায় সিলেট সহস্র প্রদীপ জ্বালিয়ে সূচনা হবে দীপাবলি উৎসবের, এরপর অনুষ্ঠিত হবে মূল পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রামকৃষ্ণ মিশন আশ্রম, মীর্জাজাঙ্গাল ও বলরামের আখড়াসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে মৃণ্ময়ী প্রতিমার পূজা ও আরাধনা। কোথাও কোথাও চলে তান্ত্রিক পদ্ধতির পূজা, বলিদান ও রাত্রিবেলা ধ্যানসাধনা।


পুরাণ মতে, শুম্ভ-নিশুম্ভ দানব বধের সময় দেবী কালীর শরীর থেকে নির্গত অগ্নিজ্যোতির কারণে তাঁর রূপ হয় কৃষ্ণবর্ণ। সেই থেকেই নাম ‘কালী’। তিনি শক্তি, সংহার ও সৃষ্টির প্রতীক। ভক্তরা তাঁকে শ্যামা, আদ্যশক্তি, মহামায়া বা চামুণ্ডা নামেও আহ্বান করেন।


শ্যামাপূজার রাতে অনেকেই শ্মশানে বা ঘরের আঙিনায় প্রদীপ জ্বালিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেন। সেই প্রদীপ ভাসিয়ে দেন নদী বা পুকুরে, শান্তির প্রার্থনায়। দীপাবলি—শব্দের অর্থই ‘দীপের সারি’। এই প্রদীপের আলো শুধু অন্ধকারকে দূর করে না, মানুষকে শেখায় আশার, শুভের ও আলোর জয়গান।


দীপাবলি ও শ্যামাপূজা তাই কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি এক নান্দনিক উৎসব, যেখানে আলো হয়ে ওঠে প্রার্থনা, আর অন্ধকারের মধ্যেও জেগে থাকে মানবিকতার দীপ্তি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad