কারাগার থেকে বিশেষ প্রটোকলে জানাজাস্থলে আনা হয়
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন বিশ্বনাথের আ.লীগ নেতা সিরাজ
কারাবন্দী অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ-এর শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ । রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় নিজ গ্রামে আনা হয় বাবার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে পৌর শহরের পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের বাসিন্দা ও আ.লীগ নেতা সিরাজুল ইসলামের বাবা রিয়াজ আলী (৯৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাবার মৃত্যুর খবর পেয়ে সিরাজুল ইসলাম সিরাজ কারাগার থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন। কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করলে রবিবার দুপুরে ডিবি ও থানা পুলিশের বিশেষ প্রটোকলে তাকে জানাজাস্থলে আনা হয়। এ সময় স্ত্রী ও সন্তানদের দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় শতাধিক মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে রিয়াজ আলীকে পারিবারিক পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর বিকেল ৩টার দিকে সিরাজুল ইসলামকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম সিরাজ গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে দায়ের করা একটি মামলায় কারাগারে আছেন। প্যারোলে মুক্তি পেয়ে প্রিয় বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: